সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের দাবিকে সামনে এনে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও অস্তিত্বে যারা বিশ্বাস করেনি, তাদের ওপর আস্থা রাখা যায় না। তিনি অভিযোগ করেন, কিছু দল ইচ্ছাকৃতভাবে ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিএনপি এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে ১১টি কমিশন করলেও কিছু রাজনৈতিক দল কেবল সংবিধান নিয়েই কথা বলছে। স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা বা নারীর উন্নয়ন—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের মতো এখনও ‘গুপ্ত বিভ্রান্তকারীরা’ সক্রিয়। সাম্প্রতিক একটি ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

তারেক রহমান দাবি করেন, ক্ষমতা কুক্ষিগত করতেই এসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, খাল খনন, বৃক্ষরোপণ ও কর্মসংস্থানের মতো পরিকল্পনা নিয়েছে। কিন্তু এসব বিষয়ে বিরোধী পক্ষ কোনো গঠনমূলক ভূমিকা রাখছে না।

তিনি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথাও উল্লেখ করেন, যা ২০২৩ সালে ঘোষণা করা হয়। তার ভাষায়, অন্য দলগুলো তখন সংস্কারের কথা বলতে ভয় পেলেও বিএনপি সাহস করে তা সামনে এনেছিল।

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

জনসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অতীত ইতিহাসই প্রমাণ করে, তারা বারবার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

এদিন তারেক রহমান বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরুর আশ্বাস দেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions