ফ্ল্যাগভিত্তিক সতর্কতায় ফরিদপুরে বন্যা প্রস্তুতি মহড়া

ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে বন্যা মোকাবিলার একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ার মাধ্যমে মানুষকে আগে থেকেই সতর্ক থাকার বিষয়ে ধারণা দেওয়া হয়। জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম ফেজ-৩ এর আওতায় প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ এই আয়োজন করে। পদ্মার চর উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনতা অংশ নিয়ে বন্যার সময় কীভাবে প্রস্তুত থাকতে হয়, তা শিখেছেন। এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে বন্যার আগাম প্রস্তুতি, সমন্বয় বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা আরও শক্তিশালী করা। ফরিদপুরে বন্যা ঝুঁকি ও জলবায়ু চ্যালেঞ্জ ফরিদপুর জেলা দীর্ঘদিন ধরেই বন্যাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর বিশেষ করে চরাঞ্চলের মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হন। যার ফলে ঘরবাড়ি, জীবিকা ও মৌলিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার সময়কাল ও তীব্রতার অনিশ্চয়তা বাড়ায় ঝুঁকি ব্যবস্থাপনাও আরও জটিল হয়েছে। আগাম সতর্কতায় নতুন ফ্লাড রিস্ক মডেল জাতীয় পর্যায়ে আগাম সতর্কতা উন্নত হলেও সাধারণ মানুষকে সহজভাবে বোঝানো এখনও বড় চ্যালেঞ্জ। তাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট একটি ডাইনামিক ফ্লাড রিস্ক মডেল তৈরি করেছে। যা ফরিদপুরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই মডেলে বন্যার ঝুঁকি পাঁচটি স্তরে ভাগ করে পতাকার মাধ্যমে দেখানো হয়েছে। যাতে মানুষ সহজে বুঝে আগাম বন্যার প্রস্তুতি নিতে পারেন। দুর্যোগ প্রস্তুতিতে বিভিন্ন সংস্থার অংশগ্রহণ দিনব্যাপী এই মহড়ায় স্থানীয় সরকার প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষ অংশ নেন। দুর্যোগ প্রস্তুতিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বন্যাসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হবে, তা অনুশীলন করানো হয়। উদ্বোধনী বক্তব্যে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, সহজে আগাম সতর্কবার্তা পৌঁছে জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে কার্যকর তথ্য পৌঁছে দিতে সংস্থাটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বন্যা ঝুঁকি বোঝাতে পতাকা ভিত্তিক ব্যবস্থা কারিগরি সেশনে বুয়েটের প্রফেসর আনিসুল হক ডাইনামিক ফ্লাড রিস্ক মডেল কীভাবে কাজ করে তা সহজভাবে তুলে ধরেন। তিনি বলেন, পানির গভীরতা, বন্যার স্থায়ীত্ব ও সম্ভাব্য ক্ষতির মাত্রা দেখে ঝুঁকি নির্ধারণ করা হয়। এরপর সেই ঝুঁকি পতাকার মাধ্যমে সহজভাবে সবার সামনে দেখানো হয়, যাতে মানুষ দ্রুত বুঝতে পারে। ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির বিকল্প নেই এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক উপস্থিত ছিলেন। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু ত্রাণ দিলেই হবে না, আগাম প্রস্তুতিও জরুরি। আগাম প্রস্তুতি থাকলে ক্ষতি অনেক কমানো সম্ভব। এ ধরনের মহড়া বৈজ্ঞানিক পূর্বাভাসকে সহজবোধ্য ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে সহায়তা করে। এই উদ্যোগ ফরিদপুরসহ দেশের বন্যাপ্রবণ এলাকায় ক্ষতি কমাতে এবং দীর্ঘমেয়াদে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তরা।
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম প্রকাশ বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারসহ অনেকে। ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।
সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের দাবিকে সামনে এনে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও অস্তিত্বে যারা বিশ্বাস করেনি, তাদের ওপর আস্থা রাখা যায় না। তিনি অভিযোগ করেন, কিছু দল ইচ্ছাকৃতভাবে ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিএনপি এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে ১১টি কমিশন করলেও কিছু রাজনৈতিক দল কেবল সংবিধান নিয়েই কথা বলছে। স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা বা নারীর উন্নয়ন—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, অতীতের মতো এখনও ‘গুপ্ত বিভ্রান্তকারীরা’ সক্রিয়। সাম্প্রতিক একটি ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান দাবি করেন, ক্ষমতা কুক্ষিগত করতেই এসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, খাল খনন, বৃক্ষরোপণ ও কর্মসংস্থানের মতো পরিকল্পনা নিয়েছে। কিন্তু এসব বিষয়ে বিরোধী পক্ষ কোনো গঠনমূলক ভূমিকা রাখছে না। তিনি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথাও উল্লেখ করেন, যা ২০২৩ সালে ঘোষণা করা হয়। তার ভাষায়, অন্য দলগুলো তখন সংস্কারের কথা বলতে ভয় পেলেও বিএনপি সাহস করে তা সামনে এনেছিল। জনসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অতীত ইতিহাসই প্রমাণ করে, তারা বারবার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এদিন তারেক রহমান বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরুর আশ্বাস দেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
কিউইদের হারিয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচ। তাই শুরু থেকেই চাপ ছিল বাংলাদেশের ওপর। কিন্তু সেই চাপকে পাত্তা না দিয়ে দারুণ খেলেছে মেহেদী হাসান মিরাজের দল। সহজভাবেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। সোমবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি হয়। আগে ব্যাট করতে নেমে খুব বড় কিছু করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৮.৪ ওভারে তারা থামে ১৯৮ রানে। শুরুটা ভালো হলেও পরে নিয়মিত উইকেট হারায় তারা। একমাত্র ওপেনার নিক কেলিই কিছুটা লড়াই করেন। তিনি করেন ৮৩ রান। বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। বাংলাদেশের হয়ে বল হাতে ছিলেন নাহিদ রানা। তিনি যেন একাই ম্যাচ ঘুরিয়ে দেন। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। তার গতির সামনে দাঁড়াতেই পারেননি কিউই ব্যাটসম্যানরা। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। মাত্র ২১ রানেই পড়ে যায় ২ উইকেট। সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত ফিরে গেলে একটু দুশ্চিন্তা তৈরি হয়। এরপর দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে দারুণ এক জুটি গড়েন। তৃতীয় উইকেটে ১২০ রান যোগ করেন তারা। এই জুটিতেই ম্যাচ অনেকটাই বাংলাদেশের দিকে চলে আসে। তামিম খেলেন আক্রমণাত্মক ইনিংস। ৫৮ বলে ৭৬ রান করেন তিনি, ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। তামিম আউট হওয়ার পর দ্রুত ফেরেন লিটন দাস। তবে ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত। শান্ত ৫০ রান করে আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে তাওহীদ হৃদয় ও মিরাজ শান্তভাবে ম্যাচ শেষ করেন। ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজে আবার সমতা ফিরেছে, লড়াই এখন জমে উঠেছে।